রাঙামা‌টি‌তে গণ অধিকার পরিষদ প্রার্থী এম এ বাশারকে অবাঞ্ছিত ঘোষণা

রাঙামা‌টি-২৯৯নং সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী এম এ বাশারকে অবাঞ্ছিত ঘোষণা করে তার প্রতি সকল ধরনের দলীয় সমর্থন প্রত্যাহার করেছে গণঅধিকার পরিষদ রাঙামা‌টি জেলা শাখা।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মো. তাইয়ুফ আজিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

NewsDetails_03

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদ জনগণের অধিকার, স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। পাশাপাশি পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় ঐক্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দলটি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু এম এ বাশারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাংগঠনিক নির্দেশনা অমান্য, নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে অসহযোগী আচরণ এবং দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।

দলীয় তদন্তে এসব অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় জেলা শাখার সর্বসম্মত সিদ্ধান্তে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই সঙ্গে দলের সকল নেতাকর্মীকে তার পক্ষে যেকোনো ধরনের নির্বাচনী তৎপরতা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামা‌টি-২৯৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের প্রতি সমর্থন ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। দলীয় নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা ও নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন