রাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০
রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত ও নবনির্বাচিত নেতাকর্মীদের মধ্যে আজ রোববার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। পৌরসভা এলাকা থেকে বনরূপা পর্যন্ত এ আদেশ কার্যকর রয়েছে।
জানা যায়, কেন্দ্রীয় কমিটির ঘোষিত রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মত সোমবার পদবঞ্চিত নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ে অবস্থান নেন। একই সময়ে নবনির্বাচিত কমিটির অনুসারীরা পৌরসভা প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিল বের করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে।
সংঘর্ষের পর বিএনপি কার্যালয় ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুলসংখ্যক পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, গত ২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত রাঙামাটি জেলা ছাত্রদলের ২৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই তা বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন পদবঞ্চিত নেতাকর্মীরা।



