রাঙামাটিতে জেলা প্রশাসক প্রমীলা কাবাডি গোল্ড কাপ শুরু, কাউখালীর বাজিমাত
রাঙামাটিতে শুরু হয়েছে জেলা প্রশাসক প্রমীলা কাবাডি গোল্ড কাপ-২০২৬। টুর্নামেন্টের প্রথম দিনেই দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে কাউখালী উপজেলা দল। উদ্বোধনী দিনের দুই ম্যাচেই জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি।
আজ শনিবার (৩ অক্টোবর) অধ্যাপক কুমার সুমিত রায় জিমনেসিয়াম ইনডোরে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সহ-সম্পাদক, রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।
রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ রকিব উদ্দিন, বাংলাদেশ জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্য মৈত্রী চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাবেক কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা।

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে রাজস্থলী উপজেলা দলের মুখোমুখি হয় কাউখালী। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে কাউখালী। শেষ পর্যন্ত ৩৬-১৬ পয়েন্টে রাজস্থলীকে হারিয়ে জয় তুলে নেয় তারা।
দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখে কাউখালী। রাঙামাটি উপজেলা দলের বিপক্ষে ২৬-১৫ পয়েন্টে জয় পায় দলটি। ফলে দুই ম্যাচে মোট ৬২ পয়েন্ট অর্জন করে সেমিফাইনাল নিশ্চিত করে কাউখালী।
উদ্বোধনী দিনের খেলায় কাউখালীর খেলোয়াড়দের নৈপুণ্যে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। টানা দুই জয়ে দলটি এখন শিরোপার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে রয়েছে।
আয়োজকরা জানান, আগামীকাল ৪ অক্টোবর সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।



