রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ ৪ জন গ্রেপ্তার
রাঙামাটিতে বিশেষ অভিযানে মাদক কারবারী ও মাদক সেবীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার (২৯ মার্চ) জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযানটি রিজার্ভ বাজার, আসামবস্তিসহ বিভিন্ন মাদক স্পটে পরিচালিত হয়। এ সময় মাদক সংশ্লিষ্ট অভিযোগে ৪ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ দেলোয়ার (আপার রাঙামাটি), মোঃ নূর ইসলাম (৩৮) (রূপনগর, টিভি সেন্টার সংলগ্ন), মোঃ সাজিদ (২৫) (রিজার্ভ বাজার, চেঙ্গীমুখ) এবং মোঃ শাহীন (২১) (রিজার্ভ বাজার)।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


