রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ জন আটক
রাঙামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭ জন মাদকসেবীসহ মোট ১১ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
বুধবার (২৫ মার্চ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে রিজার্ভ বাজারসহ শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদকসেবনের অভিযোগে আটকরা হলেন, মোঃ রাশেদুল ইসলাম (২৯), টিসু চৌধুরী (২৯), মোঃ শাহ আলম (৩৭), মোঃ আলমগীর (৩০), মোঃ রিদম (২৮), মমিন উদ্দিন (৩০) ও মোঃ ইউসুফ (২৩)। তাদের অধিকাংশের বাড়ি রিজার্ভ বাজার ও আশপাশ এলাকায়।
এছাড়া, রিজার্ভ বাজার এলাকার শুকতারা বোর্ডিং, হোটেল জেরিন ও হোটেল হিল এড্রেস নামক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ৪ জনকে আটক করা হয়। আটকরা হলেন— পিংকি আক্তার (২০), রাইসা মনি (১৯), মোছাঃ রিমি (১৯) ও মোঃ ইব্রাহিম (৪৬)।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মাদক ও অসামাজিক কার্যকলাপ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



