রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলেকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মা বাবকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে আসামবস্তি এলাকার জনৈক সিরাজ সওদাগরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাকিবুল ইসলাম (২৫)। তিনি অটোরিকশাচালক রফিকুল ইসলাম ও গৃহবধূ রাখাই ইসলামের বড় ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাদকাসক্ত ছেলে সাকিবুলের সাথে ঝগড়ার এক পর্যায়ে মারামারি হলে তার মা ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফুয়াদ হাসান জানান, ঘাড়ে গুরুতর কাটা জখম অবস্থায় সাকিবুলকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময়ই তাঁর মৃত্যু হয়।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের বাবা-মাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিবুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে মাদক থেকে দূরে রাখতে পরিবারের পক্ষ থেকে একাধিকবার চিকিৎসা করানো হয় এবং পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) পাঠানো হয়। কয়েক মাস আগেও তাকে রিহ্যাবে পাঠাতে তাঁর বাবা প্রায় আড়াই লাখ টাকা খরচ করেন। তবে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পরও তিনি আবার মাদকাসক্ত হয়ে পড়েন বলে পরিবারের দাবি।
স্বজন ও স্থানীয়দের ভাষ্য, মাদকাসক্তির কারণে সাকিবুলের আচরণে পরিবারটি দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল। মাদক সেবন ও কথিত অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে পরিবারের সঙ্গে প্রায়ই তাঁর ঝগড়া-বিবাদ হতো। কিছুদিন আগেও তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। জামিনে বের হওয়ার পর আবারও মাদক সেবন ও মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।


