রাঙামাটিতে সাইবার ক্রাইম মনিটরিং সেলের কর্তৃক ৪৭ টি মোবাইল উদ্ধার
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করা ৪৭টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল তথ্যপ্রযুক্তির ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে রাঙামাটির বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া ৪৭টি মোবাইল ফোন উদ্ধার করে। পরে আনুষ্ঠানিকভাবে সেগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ সুপারসহ রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম, সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ এবং সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জানায়, জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ থেকে প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে আরও কার্যকর সেবা দিতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


