বান্দরবানে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু

“বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান জেলা প্রশাসন ও বন বিভাগ এর যৌথ উদ্যোগে বান্দরবানে জেলা প্রশাসক প্রাঙ্গনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা।

আজ সোমবার (২০ জুলাই) বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষ্যে সকালে বান্দরবান জেলা প্রশাসকের প্রাঙ্গন থেকে একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গনে গিয়ে সমবেত হয়।

পরে মেলা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
পরে মেলা প্রাঙ্গনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস এর সভাপতিত্বে পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, বান্দরবান পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতান খান হীরামনিসহ সরকারী বেসরকারী বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বৃক্ষপ্রেমীরা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

সভায় বক্তরা বলেন, প্রয়োজনের তুলনায় এদেশের বনজ সম্পদ অপ্রতুল। জলবায়ুর নেতিবাচক প্রভাব নিরসনে এবং দেশের বর্তমান ও ভবিষ্যতে নাগরিকদের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ বিনির্মাণে বৃক্ষের গুরুত্ব অপরিসীম বিধায় বৃক্ষরোপণ পরিচর্যা ও সংরক্ষণ করা অপরিহার্য।

বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বলেন, বৃক্ষরোপণ অভিযানের গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কার্যক্রমকে অগ্রাধিকার প্রদান করেছেন। বৃক্ষরোপণের ব্যাপারে গণসচেতনতা সৃষ্টি এবং বৃক্ষমেলায় নানান প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা প্রদর্শনের পাশাপাশি এর গুণাগুণ সম্পর্কে সম্যক ধারণা প্রদান এবং বৃক্ষরোপণ ও পরিচর্যার কৌশল সম্পর্কে জনগণকে ধারণা প্রদান করাই বৃক্ষমেলার মূল উদ্দেশ্য।

বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবানে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ প্রদান করেন এবং বলেন, বৃক্ষের প্রতি আমাদের আরো যত্নশীল হতে হবে এবং যে যেখানে পারে বেশি বেশি বৃক্ষ লাগিয়ে দেশের উন্নয়ন সাধিত করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামুল্যে চারা বিতরণের পাশাপাশি জেলা প্রশাসকের প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসুচীতে অংশ নেন অতিথিরা।

এবারের বৃক্ষমেলায় জেলাসদরসহ বিভিন্নস্থানের ব্যবসায়ীরা নানা ধরণের ফলজ,বনজ ও ওষধি চারা নিয়ে মেলায় অংশ নিচ্ছে আর সপ্তাহব্যাপী প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই মেলা চলমান থাকবে।

আরও পড়ুন