রাঙামাটিতে সোমবার থেকে হাম-রুবেলা টিকাদান অভিযান

সারা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে রাঙামাটিতে সোমবার থেকে শুরু হচ্ছে ২১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। জেলার ৬ মাস থেকে ৫ বছরের নিচের বয়সী প্রায় ৬৪ হাজার ৩৩১ জন শিশুকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ১০টি উপজেলায় ১ হাজার ২৭২টি টিকাদান কেন্দ্র এবং ৩৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালিত হবে।

রোববার সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দেব বলেন, টিকাদান কার্যক্রম সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথম দুই সপ্তাহ পাড়া-মহল্লায় এবং শেষ সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে।

NewsDetails_03

সভায় উপস্থিত ছিলেন ডা. মামুন ও ডা. জয়ধন তঞ্চঙ্গা। এছাড়া অনলাইনে যুক্ত হয়ে সিভিল সার্জন ডা. নয়ন খীসা জানান, জেলায় এ পর্যন্ত পরীক্ষিত ১৫টি নমুনার সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে। তবে ঝুঁকি এড়াতে আগাম সতর্কতা হিসেবে এ কর্মসূচি জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, অসুস্থ শিশুদের টিকা দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং অভিভাবকদের সচেতনতার মাধ্যমেই এই কর্মসূচির সফলতা নিশ্চিত করা সম্ভব।

স্বাস্থ্য বিভাগ জানায়, সরকারের নির্ধারিত লক্ষ্য অনুযায়ী ২০২৮ সালের মধ্যে হাম ও রুবেলা নির্মূলে এ ধরনের টিকাদান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন