রাঙামাটির রিজার্ভ বাজার এলাকায় অবস্থিত আবাসিক হোটেল ‘গোল্ডেন হিল’-এর একটি কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে হোটেলের ৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি খাটের উপর থেকে উদ্ধার করা হয়। হোটেলটির ব্যবস্থাপক কুতুব উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
হোটেলের রেজিস্ট্রারে নিহত নারীর নাম ‘মিসেস মুন্না সরকার’ উল্লেখ থাকলেও, পরে চট্টগ্রাম থেকে এসে তার স্বামী পরিচয়দানকারী আব্দুল কাদের জানান, তার স্ত্রীর প্রকৃত নাম মুন্না আক্তার, তিনি পাহাড়তলী এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, তিনি কী কাজ করতেন তা তারা জানতেন না। এর আগেও কয়েকবার রাঙামাটিতে আসছিল।

পুলিশ আরও জানায়, হোটেলটির ১২ নম্বর কক্ষ থেকে এক খদ্দের ও নারীকে অনৈতিক অবস্থায় আটক করা হয়েছে। খদ্দের দাবি করেছেন, হোটেল ম্যানেজার তার কাছে টাকা নিয়ে নারী সরবরাহ করেছেন। ম্যানেজার কুতুব উদ্দিনও এই অভিযোগ আংশিক স্বীকার করেছেন।
আইন অনুযায়ী হোটেলে অতিথির পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক হলেও এ ঘটনায় তা মানা হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হোটেলটিতে দীর্ঘদিন ধরেই অনৈতিক কার্যকলাপ চলে আসছে, যার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।
কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



