রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ত্রিমুখী সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রানীরহাটের ঠান্ডাছড়ি এলাকায় ট্রাক-জিপ সিএনজি অটোরিকসার ত্রিমুখী সংঘর্ষে রাঙামাটি সরকারী কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী হলো রাশেদুল ইসলাম (২৬)। তিনি টেকনাফ উপজেলার দমদমিয়া দক্ষিন হৃীল্লা গ্রামের আবুল বশর ও নুরজাহান দম্পতির ছেলে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার সময় এ ঘটনা ঘটে। রাশেদুল ইসলাম রাঙামাটি সরকারী কলেজের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষ এবং ২২-২৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। পরীক্ষার জন্য রাঙামাটি আসার পথে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায়। এতে তিনজন আহত হয়েছে।

রাজানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল জানান, সকালে রাউজান থেকে সিএনজি অটোরিকশাযোগে রাশেদসহ চার যাত্রী রাঙামাটির দিকে আসছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে বেতবুনিয়া থেকে আসা একটি চাঁদের গাড়ি ধাক্কা দেয়। ধাক্কা দেয়ার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে কলেজ ছাত্র রাশেদ ঘটনাস্থলেই মারা যান। আহত তিন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় রাউজান হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহতদের নাম জানা যায়নি।
নিহতের সহপাঠীরা জানান, বৃহস্পতিবার রাঙামাটি কলেজে পরীক্ষায় অংশ নিতে রাঙামাটি যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই দুর্ঘটনায় তার প্রাণ ঝরে যায়।
রাঙ্গুনীয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



