রামগড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
খাগড়াছড়ির রামগড়ে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এঁর ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিনটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
আজ শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টায় রামগড় শিল্পী কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় বর্ণাঢ্য জীবন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন এবং দেশের উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ আজও বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুজায়েদ আলী এবং পৌর মহিলা দলের সভাপতি পারুল আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহ্ আলম বাদশা, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলীমউল্ল্যাহসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



