হোটেল-মোটেল পরিদর্শন করলেন বান্দরবানের জেলা প্রশাসক
ইদের বন্ধে হোটেল-মোটেলের অবস্থা জানতে পরিদর্শন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।
গত রবিবার (৮ জুন) রাতে বান্দরবান শহরের বিভিন্ন হোটেল-মোটেলে তিনি যান এবং পর্যটকদের ঠিকমত সেবা দেওয়া হচ্ছে কিনা তা যাছাই করেন।
এসময় পর্যটকদের কাছ থেকে কেউ বাড়তি ভাড়া আদায় করছে কিনা, রেস্টুরেন্টে খাবারের মান কেমন ও দাম বেশি নিচ্ছে কিনা, হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী হোটেল সমূহ পরিচালিত হচ্ছে কিনা, পর্যটকদের সকল তথ্য সংরক্ষণ করা হচ্ছে কিনা তা জানতে চান।

এসময় জেলা প্রশাসক বান্দরবানের বিভিন্ন হোটেল মোটেলে অবস্থানরত পর্যটকদের সর্বোচ্চ সেবা দেয়া এবং তাদের সাথে ভালো আচরণের পাশাপাশি হোটেলে অবস্থানরত সকল পর্যটকদের ভোটার আইডি কার্ড এর ফটোকপি জমা নেয়া এবং সঠিক তথ্য রেজিষ্টারে লিপিবদ্ধ করার জন্য হোটেল-মোটেল কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।
এসময় জেলা প্রশাসকের সাথে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আসিফ রায়হান, নির্বাহী ম্যাজিস্ট্রট মো.নবাব আলীসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: ঈদের ছুটিতে বান্দরবানের প্রাকৃতিক সৈন্দর্য্য উপভোগ করতে পর্যটকরা আসতে শুরু করছে আর তাদের নিরাপত্তা ও সার্বিক সহযোগীতায় কাজ করছে প্রশাসন।



