পাহাড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ‘রাঙামাটি চ্যাম্পিয়নস লীগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলার ১০ উপজেলা থেকে দল নিয়ে নকআউট পদ্ধতিতে আয়োজিত এ প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর মঙ্গলবার।
রাঙামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন। বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের ব্যবস্থাপনায় এবং রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনকে ঘিরে ইতোমধ্যে জেলার ক্রীড়াঙ্গনে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এনডিইউএসসি, পিএসসি ।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম।
আয়োজকদের লক্ষ্য শুধু ফুটবল প্রতিযোগিতা নয়; খেলাধুলার মাধ্যমে জেলার যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানো এবং স্থানীয় পর্যায়ের প্রতিভাবান ফুটবলারদের বিকাশের সুযোগ তৈরি করা।
রাঙামাটির বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত এলাকায় ফুটবলের ব্যাপক জনপ্রিয়তা থাকলেও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ অনেকেরই সীমিত। ১০ উপজেলার দলকে একই আসরে নিয়ে আসার ফলে খেলোয়াড়রা নিজেদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি প্রতিযোগিতামূলক পরিবেশে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে সম্ভাবনাময় খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার পথও তৈরি হবে।
অংশগ্রহনকারী উপজেলা দলগুলো হচ্ছে, রাঙামাটি সদর, বরকল, কাপ্তাই, নানিয়ারচর, জুরাছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, বাঘাইছড়ি, কাপ্তাই ও লংগদু উপজেলা।
টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, মাঠের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি এ আয়োজন পাহাড়ের যুবসমাজকে ঐক্যবদ্ধ করবে এবং শান্তি-সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে।


