কাপ্তাই সড়কে ৪ ঘন্টার পর যান চলাচল স্বাভাবিক
রাঙামাটির কাপ্তাই উপজেলা ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চট্টগ্রাম- কাপ্তাই সড়কের বালুচরা এলাকায় টানা অতিবৃষ্টির কারণে একটি বড় গাছ উপড়ে সড়কের উপর পড়ে এবং একই সঙ্গে পাহাড়ের মাটি ধ্বসে সড়কের উপর জমা হওয়ায় আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০ টা হতে সড়কে সকল প্রকার যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার পর প্রায় ৪ ঘন্টা পর এদিন দুপুর ১ টা ৩০ মিনিট এ হালকা যানবাহন এবং পরবর্তীতে দুপুর ২টা ৩০ মিনিট এর দিকে সড়কে সব ধরনের যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেন এবং ঐ ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার।

এসময় প্রথমে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেন এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে বন বিভাগ এবং স্থানীয় জনগণের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করে। পরবর্তীতে বাংলাদেশ স্কাউটস নৌ অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার ও নৌবাহিনী কলেজ কাপ্তাই এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে কাপ্তাই জেলা নৌ স্কাউটসের ১৫ জন নৌ রোভার দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সড়ক সচল করার কার্যক্রমে অংশগ্রহণ করে। এসময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন।



