খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ডুবে নিখোঁজ মাইশিং ত্রিপুরা

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের গাছবান অমৃত পাড়ার এক যুবক চেঙ্গী নদীতে ডুবে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবকের নাম মাইশিং ত্রিপুরা (২১)। তিনি স্থানীয় বাসিন্দা তপন জ্যোতি ত্রিপুরার ছেলে।

আজ মঙ্গলবার (৩জুন) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মাছ ধরার পর ফেরার পথে চেঙ্গী নদী পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নদীর অপর পাড়ে নৌকা থাকায় সাঁতার কেটে পার হওয়ার চেষ্টা করেন মাইশিং, কিন্তু নদীর প্রবল স্রোতের মুখে পড়ে তলিয়ে যান তিনি।

NewsDetails_03

স্থানীয় প্রত্যক্ষদর্শী বিটু ত্রিপুরা বলেন, “আমরা একসঙ্গে মাছ ধরে ফিরছিলাম। মাইশিং সাঁতরে পাড় হওয়ার চেষ্টা করছিল, হঠাৎ করেই সে স্রোতে তলিয়ে যায়।”

খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তীতে রাঙামাটি থেকে আসা বিশেষ ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন।

চেঙ্গী নদীর উত্তাল স্রোতের কারণে উদ্ধার কার্যক্রমে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

আরও পড়ুন