খাগড়াছড়ির সাবেক পৌর মেয়র রফিকুল আলম গ্রেফতার
হত্যাসহ ৪৭ মামলার আসামি
হত্যাসহ ৪৭টি মামলার আসামি খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল আলমকে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ভাটারা থানার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি দল ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করে রফিকুল আলমকে গ্রেফতার করে। অভিযানের সময় তিনি ওই বাসায় অবস্থান করছিলেন।
পুলিশ সুপার আরও জানান, রফিকুল আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ অন্তত ৪৭টি মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে খাগড়াছড়িতে নেওয়া হবে। গ্রেফতারকৃত রফিকুল আলম দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের ভাই।
পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক মেয়র রফিকুল আলমের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতন, হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখলসহ নানা অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে।



