বান্দরবানের ৭ উপজেলায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বান্দরবানের ৭টি উপজেলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা শুরু হয়েছে। আর অংশ হিসাবে জেলার ৪টি উপজেলার ১১টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হবে নির্বাচনী সরাঞ্জাম।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। বিতরণকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালেট বক্স, বিভিন্ন ফর্ম, অমোচনীয় কালি, স্টাম্প প্যাড, সিলসহ নির্বাচনে ব্যবহৃত সরঞ্জাম।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা এবং নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব সরঞ্জাম গ্রহণ করে বান্দরবানের সদর উপজেলা, রোয়াংছড়ি, রুমা, নাইক্ষ্যংছড়ি, লামা, থানছি, আলীকদম উপজেলায় নিয়ে যায়।

NewsDetails_03

বান্দরবানের রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি জানান, নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে এবং ৭ উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর পাশাপাশি ২৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে।

তিনি আরো জানান, বান্দরবানের ৭ উপজেলার মধ্যে ৪টি (রোয়াংছড়ি, রুমা, থানচি,আলীকদম) দুর্গম উপজেলার ৫ ইউনিয়নের দুর্গম এলাকার ১১টি ভোটকেন্দ্রকে হেলিসটি ভোটকেন্দ্র ঘোষণা করা হয়েছে আর এসব কেন্দ্রে ভোটের সরঞ্জাম আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হবে হেলিকপ্টার।

আরো জানা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানে ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে, জেলার ৭টি উপজেলায় অবস্থিত ২২টি বেইজ ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা এবার দায়িত্ব পালন করবে।

প্রসঙ্গত: ৭ উপজেলা, ২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন নিয়ে বান্দরবান ৩০০ নং আসনে বাঙালিসহ ১২টি সম্প্রদায়ের বসবাস। এবারে এই আসনে ৪ জন প্রার্থী ভোটে অংশগ্রহণ করছে আর মোট ভোটার ৩ লক্ষ ১৫ হাজার ৪৪২ জন, মোট ভোটকেন্দ্র ১৮৭টি।

আরও পড়ুন