রাঙামাটির নানিয়ারচরে কর্মস্থলে যাওয়ার পথে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রধান শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শতাব্দী চাকমা (৫০) নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাঙামাটি পৌরসভার সুখীনীলগঞ্জ এলাকার নিজ বাসা থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় রাস্তার পাশের একটি গাছ থেকে জাম পাড়ার চেষ্টা করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাম পাড়ার জন্য একটি কাঁচা বাঁশ ব্যবহার করার সময় অসাবধানতাবশত বাঁশটি ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর খান জানান, বিদ্যুৎস্পৃষ্ট শতাব্দী চাকমাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার হাতে হালকা পোড়া দাগ ছিল।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত শতাব্দী চাকমা রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন। তার পিতা মৃত রবীচন্দ্র চাকমা ও মাতা মৃত লক্ষীদেবী চাকমা।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



