থানচিতে শিশুকে ধর্ষণের অভিযোগে থানা ঘেরাও

বান্দরবানের থানচি উপজেলায় বিজয় বড়ুয়া (১৫) নামে এক কিশোরের বিরুদ্ধে ৫ বছরের এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (২৪ মে) সকালে উপজেলা সদরের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বিজয় বড়ুয়া একই এলাকার রেখা বড়ুয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বিজয় বড়ুয়া ত্রিপুরা সম্প্রদায়ের শিশুটিকে একা পেয়ে তার নিজ বাড়ীতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। রবিবার সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা থানচি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। এই ঘটনার পর বিজিবি পুলিশকে সহায়তার জন্য থানায় অবস্থান নিয়ে স্থানীয়দের শান্ত করে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এসময় থানচি বিজিবির জোন কমান্ডার বলেন, আমার চোখে কোন পাহাড়ি -বাঙালি নাই, অপরাধী মানে অপরাধী, এই বিষয়ে অপরাধীর সবোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

এদিকে থানচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ত্রিপুরা সম্প্রদায়ের এক শিশুকে ধর্ষণের খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে, এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন