নববর্ষ-বৈসাবী উদযাপনে ক্লাবগুলোর সহযোগিতা চাইলেন ডিসি
আসন্ন বাংলা নববর্ষ ও বৈসাবী উদযাপন উপলক্ষ্যে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার নিবন্ধিত ক্লাব কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ,র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.মামুনুর রশিদ মামুন, জেলা পরিষদ সদস্য বরুন বিকাশ দেওয়ানসহ জেলা ক্রীড়া সংস্থার নিবন্ধিত ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, বাংলা নববর্ষ ও বৈসাবী আমাদের সকলের অনুষ্ঠান। পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের প্রাণেরও উৎসব। এ উৎসবকে ঘিরে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তিনি ক্রীড়া ক্লাবগুলোর সহযোগিতা কামনা করে বলেন, প্রতিটি এলাকায় যেন উৎসবমুখর পরিবেশ বজায় থাকে। সাম্প্রদায়িক সম্প্রীতিতে বর্ষবরণ ও বিদায় যেন আমরা মনে গেঁথে রাখতে পারি।
তিনি আরো বলেন, বাংলা নববর্ষ ও বৈসাবী উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের মোবাইল টিম মাঠে থাকবে। কেউ বিশৃঙ্খল করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।
ক্লাব কর্মকর্তারা সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, অতীতের মতই এবছরও নির্বিঘ্নে প্রতিটি এলাকায় বাংলা নববর্ষ ও বৈসাবী উৎসব পালন করা হবে।



