বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে অপহৃত দুই তামাক চাষি ও সাত তামাক শ্রমিককে যৌথ বাহিনীর অভিযানের মুখে ছেড়ে দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন শ্রমিকদের মুক্তির সত্যতা নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অপহরণের ৩৮ ঘন্টা পর সন্ত্রাসীরা আজ বুধবার (৯ এপ্রিল) বিকাল ৫টার দিকে লেমুপালং মুখ এলাকায় অপহৃতদেরকে ছেড়ে দেয়। উদ্ধার ব্যক্তিরা হলেন, তামাক চাষি ভুট্টু ও আলম আমিন, শ্রমিক জমির হোসেন, ইমাম হোসেন, নবীর হোসেন, রশিদ উল্লাহ, মো. ইসমাইল ও শাহিদুল আলম।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, গত মঙ্গলবার ভোর তিনটার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের লেমুপালং এলাকার তামাক চাষি আল আমিন ও ভুট্টো সহ ৯ শ্রমিককে অস্ত্রের মুখে খামার ঘর থেকে তুলে নিয়ে যায়। খরব পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম অপহৃতদের উদ্ধারে ওই এলাকায় অভিযানে নামে। টানা অভিযানের ফলে সন্ত্রাসীরা অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয়। উদ্ধার চাষি ও শ্রমিকরা সুস্থ আছে।
প্রসঙ্গত, এর আগে ১৪ ও ১ জানুয়ারী একই এলাকা থেকে দুই দফায় ১৪ জন তামাক শ্রমিক এবং ১৬ ফেব্রুয়ারী উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকা থেকে ২৬ রাবার বাগান শ্রমিককে অপহরণের পর মুক্তিপন নিয়ে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।



