বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুুত করে পুনর্বাসন করা হবে : পার্বত্য প্রতিমন্ত্রী
বান্দরবানের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুুত করে পর্যায়ক্রমে সরকারি উদ্যোগে পুনর্বাসন করা হবে। পাশাপাশি বন্যাকবলিত এলাকায় বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণের কিস্তি এক মাসের জন্য স্থগিত রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্থ এলাকার গৃহপালিত পশুর জন্য সরকারিভাবে বিনামূল্যে টিকা ও চিকিৎসা সেবা দেওয়া হবে।

আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পরে জেলা শহরের বিভিন্ন এলাকা এবং রোয়াংছড়ি উপজেলার দুর্গম বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।


