থানচিতে মিয়ানমারের দুই নারী সহযোগীসহ গ্রেপ্তার

বান্দরবানের থানচি উপজেলার সীমান্ত দিয়ে অবৈধ ভাবে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের দুই নারী নাগরিক ও তাদের এক বাংলাদেশি সহযোগীকে আটক করে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পুলিশ সূত্রে জানা যায়, আটক তিনজনের বিরুদ্ধে বিদেশি আইন, ১৯৪৬-এর ১৩ ও ১৪ ধারা অনুযায়ী অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার এ ঘটনায় থানচি থানায় মামলা নং-০২ মামলা দায়ের করে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

NewsDetails_03

আটক ব্যক্তিরা হলেন, মিয়ানমারের মংডু উপজেলার এলাকার বাসিন্দা মা তুন যং ম্রো (২০), মা তুন ইয়াং ম্রো (২১) এবং তাদের সহযোগী থানচি উপজেলার সদর ইউনিয়নের ওয়াক চাক্কুপাড়া গ্রামের বাসিন্দা মুয়ই ম্রো (৪৬)। তিনি থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো’র আপন ছোট ভাই।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, “সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও এ-সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার সীমান্তবর্তী বংকুপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা মিয়ানমারের দুই নারী নাগরিক ও তাদের বাংলাদেশি সহযোগীকে আটক করে, পরে রাতেই তাদের পুলিশের কাছে হস্তান্তর করে।

আরও পড়ুন