ইনকিলার মঞ্চের মুখপাত্র ও সম্মুখ সারির জুলাই যোদ্ধা ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ), বান্দরবান পার্বত্য জেলা কমিটি। একই সঙ্গে বান্দরবান পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক নেতা-কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ওসমান হাদীর মৃত্যুতে গণসংহতি আন্দোলন গভীর শোক প্রকাশ করে এবং রাষ্ট্রীয় শোক কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে। এ উপলক্ষে দলের নেতা-কর্মী ও সমর্থকরা মসজিদ, মন্দির ও গির্জায় প্রার্থনায় অংশ নেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ওসমান হাদী ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন অগ্রসৈনিক ছিলেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি দোষীদের বিচারের আওতায় আনার পাশাপাশি নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধের জন্য সোচ্চার ছিলেন। তিনি উপনিবেশিক ও আধিপত্যমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে সকল নাগরিকের মর্যাদা রক্ষার সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন।
গণসংহতি আন্দোলন জানায়, ওসমান হাদী একজন সংসদ সদস্য প্রার্থী ছিলেন। তাঁকে গুলি করে হত্যার পর ঘাতকের নির্বিঘ্নে পালিয়ে যাওয়ার ঘটনায় সংগঠনটি চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। এতে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। ফলে জেলার সকল সংসদ সদস্য প্রার্থী ও রাজনৈতিক নেতা-কর্মীরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন, যা গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে।

বর্তমান পরিস্থিতিতে সংগঠনটি ছয় দফা দাবি ও আহ্বান জানায়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ওসমান হাদীর হত্যাকারী ও সহযোগীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা; সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর থেকে বিরত থাকার আহ্বান এবং আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা গ্রহণ; বান্দরবান পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা; আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থী ও রাজনৈতিক নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।
এছাড়া প্রশাসনের উদ্যোগে সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের সঙ্গে বৈঠক করে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানানো হয়। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সর্বদলীয় বৈঠক আহ্বানের কথাও জানান গণসংহতি আন্দোলন, বান্দরবান পার্বত্য জেলা শাখা।
সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিক ও নেতা-কর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
গণসংহতি আন্দোলনের বান্দরবান জেলার সমন্বয়কারী নিজাম উদ্দিন মিজান, নির্বাহী সমন্বয়কারী রিপন চক্রবর্তী(এমপি পদ পার্থী),প্রচার সম্পাদক সুজর্জ তংচংঙ্গ্যা এবং ছাত্র ফেডারেশনের উহ্লা শৈ মার্মা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।


