মেরামতের ৪৮ ঘণ্টা না পেরোতেই আবারও ভাঙল বেইলি সেতু
রাঙামাটি
মেরামতের মাত্র দুই দিন পরই আবারও ভেঙে পড়েছে রাঙামাটির কাউখালী-রানীরহাট সড়কের সাহেবনগর এলাকার বেইলি সেতুর পাটাতন।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে অতিরিক্ত ইটবোঝাই একটি ট্রাক সেতু পার হওয়ার সময় পাটাতন ধসে ট্রাকটির একাংশ আটকে যায়। এতে কাউখালী উপজেলার সঙ্গে রাঙামাটি জেলা সদর ও চট্টগ্রামের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, গত ১৮ জুলাই একই সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সড়ক ও জনপথ বিভাগ জরুরি ভিত্তিতে মেরামত করে মঙ্গলবার যান চলাচল স্বাভাবিক করে। কিন্তু ৪৮ ঘণ্টা না পেরোতেই আবারও একই স্থানে একই ধরনের দুর্ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
তাদের অভিযোগ, রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইটভাটা থেকে নিয়মিত অতিরিক্ত ওজনের ইটবোঝাই ট্রাক এ সড়ক দিয়ে চলাচল করছে। পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা কার্যকর হচ্ছে না। ফলে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে ঝুঁকিপূর্ণ বেইলি সেতুগুলো।

রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত ওজনের ট্রাক চলাচলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। আটকে থাকা ট্রাক সরিয়ে দ্রুত সেতুর পাটাতন মেরামতের মাধ্যমে যান চলাচল পুনরায় চালু করা হবে। তিনি জানান, ওই স্থানে একটি স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের জন্য ইতোমধ্যে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে। বর্ষা শেষ হলে নির্মাণকাজ শুরু হবে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব হাসান বলেন, সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ। কিন্তু অতিরিক্ত ওজনের ট্রাক চলাচল অব্যাহত থাকায় বারবার এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
জানা গেছে, কাউখালী উপজেলা সদর থেকে রাঙামাটি ও চট্টগ্রামে যাতায়াতের একমাত্র সড়ক এটি। প্রায় আট কিলোমিটার দীর্ঘ এ সড়কে চারটি বেইলি সেতু রয়েছে, যার বেশ কয়েকটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দুটি স্থায়ী সেতুর নির্মাণকাজ চললেও তা ধীরগতির হওয়ায় সাধারণ মানুষকে এখনো ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে।


