বিএনপি নেতা জিয়ার উদ্যোগে মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা-গোমতি জিসি সড়কের প্রায় এক কিলোমিটার অংশ সাম্প্রতিক অতিভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও ভূমিধসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছিল। সড়কজুড়ে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা বিরাজ করছিল।

এলাকাবাসীর দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান (জিয়া)।

আজ শুক্রবার (২৪ জুলাই) সকালে গোমতি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গোমতি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ক্ষতিগ্রস্ত অংশে নিজ হাতে সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব মো. ফোরকান ইমামী, গোমতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল ফজল ভুইয়া, সদস্য সচিব মোরশেদ আলম ও গোমতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আবু হানিফসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী। গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

NewsDetails_03

উপজেলা বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন জানান, উত্তরের চারটি ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। টানা বর্ষণে গোমতি অংশের প্রায় এক কিলোমিটার সড়ক পুরোপুরি চলাচল-অযোগ্য হয়ে পড়ে এবং এতে কয়েকটি দুর্ঘটনাও ঘটে। বিষয়টি জানার পর জিয়াউর রহমান দ্রুত নিজ উদ্যোগে সংস্কারের ব্যবস্থা নেন।

গোমতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আবু হানিফ বলেন, টানা বৃষ্টি ও পাহাড় ধসে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। আপাতত সংস্কারের মাধ্যমে মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব হলেও স্থায়ী সমাধানের জন্য সরকারি উদ্যোগে পুরো সড়কটি দ্রুত পুনর্নির্মাণের দাবি জানান তিনি।

অটোরিকশা চালক সফিকুল ইসলাম বলেন, বড় বড় গর্তের কারণে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল, প্রতিদিন দুর্ঘটনার শঙ্কা থাকত। সংস্কারের পর এখন অনেকটা স্বস্তিতে চলাচল করা যাচ্ছে।

স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে গুরুত্বপূর্ণ এই সড়কটি সচল রাখতে নেওয়া এ উদ্যোগ ছিল সময়োপযোগী। তবে সড়কটির স্থায়ী সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আরও পড়ুন