রাঙামাটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাঙামাটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (৫ আগস্ট) সকালে রাঙামাটি শহরের শহীদ মিনার এলাকায় স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরা হয়। এ সময় জুলাই যোদ্ধাদের সংবর্ধনাও দেওয়া হয়।

এদিকে দুপুরে জেলা জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটের উদ্যোগে গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা গণভোটের গণরায়ের প্রতি সম্মান প্রদর্শন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম বলেন, “দীর্ঘ ২৯ বছর আমরা একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে একই কাতারে দাঁড়িয়ে নির্যাতনের শিকার হয়েছি, একই সুরে কথা বলেছি এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে একমত হয়েছিলাম। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সেই অঙ্গীকার থেকে সরে যাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় সেবার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এদিকে রাঙামাটির কাউখালী, কাপ্তাই, বাঘাইছড়িসহ জেলার বিভিন্ন উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।


