রুমায় খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা পেল ১১০ পরিবার
বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন উপজেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুর্গত পরিবারের মাঝে জরুরি মানবিক সহায়তা প্রদান করেছে খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)।
সিসিডিবির উদ্যোগে বান্দরবান সদর, রোয়াংছড়ি ও রুমা উপজেলার মোট ৬২৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ জরুরি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বান্দরবান সদর উপজেলায় ৩৫০টি, রোয়াংছড়িতে ১৬৫টি এবং রুমা উপজেলায় ১১০টি পরিবার রয়েছে।
এর অংশ হিসেবে আজ সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) রুমা উপজেলার ১০টি গ্রামের ১১০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জরুরি সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ২ কেজি লবণ, ২ লিটার সয়াবিন তেল, ২টি গোসলের সাবান, ২টি কাপড় ধোয়ার সাবান এবং ১ প্যাকেট স্যানিটারি প্যাড প্রদান করা হয়। পাশাপাশি প্রতিটি পরিবারকে বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা নগদ সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিনু মার্মা, রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, সিসিডিবি’র কোঅর্ডিনেটর আর্নেস্ট সরকার, সিসিডিবি বান্দরবানের এরিয়া ম্যানেজার হ্লামং মার্মা, হার-সেব প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার তাপস সরকার। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘব ও তাদের জরুরি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সিসিডিবি।


