৬ বছর ধরে স্থবির রাঙামা‌টি বাজার ফান্ড কার্যক্রম

আগামী ২৭ নভেম্বরের মধ্যে বাজার ফান্ড এলাকার ভূমি হস্তান্তর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পূর্বের ন্যায় সকল কার্যক্রম পুনরায় চালু না করা হলে, ৩০ নভেম্বর রাঙামা‌টি জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে বলে ঘোষণা দিয়েছে বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি।

এ সময় বক্তারা আরও হুঁশিয়ারি দেন, ঘেরাও কর্মসূচীর পরও যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার না হয়, তবে পুরো রাঙামাটি জেলায় শাটডাউন, হরতাল ও অবরোধসহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে তারা।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে রাঙামা‌টি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনের মাধ্যমে এ কর্মসূচী ঘোষণা করা হয়।

NewsDetails_03

মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মুজিব, আব্দুল কুদ্দুস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, কাঠ ব্যবসায়ী সমিতির নেতা লোকমান হোসেন, বনরুপা ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন, রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হেলাল উদ্দিন, তবলছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল করিমসহ বিভিন্ন শ্রেণি–পেশার ভুক্তভোগী ব্যবসায়ী ও সাধারণ নাগরিকরা।

বক্তারা অভিযোগ করেন, গত ৬ বছর ধরে কোনো সরকারি নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও পার্বত্যাঞ্চলের বাজার ফান্ড এলাকায় ঋণ কার্যক্রম চালু করা হচ্ছে না। পাশাপাশি ভূমি হস্তান্তর ও বন্ধকি দলিল রেজিস্ট্রি কার্যক্রম রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে, যা স্থানীয় জনগণের অর্থনৈতিক কাঠামো ভেঙে দিয়েছে। ফলে হাজারো পরিবার জীবিকা সংকটে পড়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম।

বক্তারা দ্রুত বাজার ফান্ড এলাকার ভূমি হস্তান্তর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও কার্যক্রম চালুর দাবি জানিয়ে বলেন, পাহাড়ের বাজার ফান্ড অধিভুক্ত নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষায় সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।”

আরও পড়ুন