টাইব্রেকারে নাটকীয় জয়, ১৪ তম শিরোপা রাঙামাটি সদরের
রাঙামাটিতে জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ১৪তম শিরোপা জিতেছে রাঙামাটি সদর উপজেলা। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে চিংহ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে কাপ্তাই উপজেলাকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকায় ম্যাচের নিষ্পত্তি গড়ায় টাইব্রেকারে।
গত ২৮ মার্চ শুরু হওয়া এ টুর্নামেন্টে রাঙামাটি জেলার ১০টি উপজেলা অংশ নেয়। অংশগ্রহণকারী দলগুলো ছিল—কাপ্তাই, রাজস্থলী, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, রাঙামাটি সদর, কাউখালী, নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়ি। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করে নকআউট পদ্ধতিতে খেলা পরিচালিত হয়।
ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

তিনি বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন পার্বত্য অঞ্চলের তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ধারায় এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত (পিএসসি), জেলা প্রশাসক নাজমা আশরাফী, পৌর প্রশাসক মোবারক হোসেন, পার্বত্য মন্ত্রণালয়ের উপ-সচিব রবিন্দ্র চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীমসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্ব।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাঙামাটি সদরের বিজয় শান্তি চাকমা। সেরা গোলরক্ষক একই দলের শিবলী চাকমা, সেরা গোলদাতা কাপ্তাই উপজেলার মারুফ এবং ফাইনালের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) হন রাঙামাটি সদরের রিয়াজ।



