বান্দরবানে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী ধানের শীষ প্রতীকে ১লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী এনসিপির শাপলা কলি প্রতীকের এস এম সুজাউদ্দীন ২৬ হাজার ১৬২ ভোট পেয়েছেন। বান্দরবানের স্থায়ী বাসিন্দা না হওয়ার কারনে তুলনামূলক এনসিপির প্রার্থী অনেক কম ভোট পেয়েছেন মনে করছে স্থানীয়রা।
একইসঙ্গে এই আসনে ‘না’ ভোট পড়েছে সবচেয়ে বেশি। ‘না’ ভোট দিয়েছেন ৯০ হাজার ১৫৬ জন। আর ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৭১ হাজার ৪১৭ জন।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বান্দরবানের রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি এ তথ্য নিশ্চিত করেন। রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি রাত ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষনা করে বান্দরবানে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষনা করেন।
কেন্দ্রভিত্তিক ফলাফল অনুযায়ী, বান্দরবান ৩০০ নম্বর আসনে ১৮৭টি ভোটকেন্দ্রে মোট ভোটার তিন লাখ ১৫ হাজার ৪৪২। এবারের নির্বাচনে বান্দরবানের একটিমাত্র আসনে মোট ৪জন প্রার্থী অংশগ্রহণ করেছে আর বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী ধানের শীষ প্রতীকে ১লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট, এনসিপির শাপলা কলি প্রতীকের এস এম সুজাউদ্দীন ২৬ হাজার ১৬২ ভোট, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মো.আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ ২৪৩৫ ভোট এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৪৭১৮ ভোট।



