রাঙামাটিতে পানিবাহী ট্রাকের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাঙামাটি শহরের আসামবস্তি–কাপ্তাই সড়কের ক্যাপ্পো পাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম কেমি চাকমা (৩৮)। তিনি ওই এলাকার বাসিন্দা চন্দন চাকমার স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় শহরে পানি সরবরাহ লাইনের সম্প্রসারণ কাজের জন্য নিয়োজিত ঠিকাদারের একটি পানিবাহী ট্রাক প্রায় পাঁচ হাজার লিটার পানি ভর্তি করে আসামবস্তি হয়ে কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ক্যাপ্পো পাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মোড়ে উল্টে যায়। এ সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কেমি চাকমা ট্রাকের নিচে চাপা পড়েন।

স্থানীয়রা জানান, নিহত কেমি চাকমা নিজ বাড়ির পাশের সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙামাটির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। তবে ট্রাকে থাকা দুই হেলপারকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। ট্রাকটি এবং আটক হেলপারদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


