ড. মুহাম্মদ ইউনূস সহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন নিহত উক্য ছাইং মার্মা’র পিতার
মাইলস্টোন বিমান দূর্ঘটনা
মাইলস্টোনে বিমান বিধ্বস্তে উক্য ছাইং মার্মা’র মৃত্যুর ঘটনায় বিগত সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন।
বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক ছাত্র রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের ঘটনায় বিগত সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস,আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ড. রেজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নিহত শিক্ষার্থীর উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা বাদী হয়ে এই আবেদন করেন।

বাদী পক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন বিষয়টি জানান। তিনি আরও জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। তবে পরে আদেশ দেবেন বলে আদালত জানিয়েছেন।
আরও যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাঁরা হলেন, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, সাবেক শিক্ষাসচিব সিদ্দিক জুবায়ের, বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল মোরশেদ মুহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, প্রিন্সিপাল (প্রশাসন) মাসুদ আলম, স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, রাজউক চেয়ারম্যান ও রাজউকের ফিল্ড সুপার ভাইজার (উত্তরা)। এঁদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলাজনিত নরহত্যা ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
গত বছরের ২১ জুলাই দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বিমান দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়, যাদের বেশির ভাগই শিশু।



