খাগড়াছড়ির মাটিরাঙ্গায় খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) কর্তৃক ভারতীয় নাগরিক আটক করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরের দিকে চট্টগ্রাম রিজিয়নের গুইমারা সেক্টরের অধীনে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর শফিটিলা বিওপির নাঃ সুবেঃ মোঃ মোশারফ হোসেন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে রনি দাস (৩২) নামে একজন ভারতীয় নাগরিক কে আটক করা হয়। সে দক্ষিণ রাজনগর, বেলুনিয়া, দক্ষিণ ত্রিপুরার ললিত দাসের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, শফিটিলা বিওপি হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ দক্ষিণ দিকে এবং সীমান্ত পিলার এর আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ ভাবে বাংলাদেশ হতে ভারতে প্রত্যাবর্তনের সময় বিজিবি কতৃক আটক করা হয়।

এসময়, তার কাছ থেকে ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর পার্মানেন্ট একাউন্ট নাম্বার কার্ড (HITPD-5689A) এর ছবি ও আধার কার্ডের ছবি পাওয়া যায়। এছাড়াও আটককৃত ভারতীয় নাগরিকের নিকট হতে ০২টি মোবাইল ফোন ও বাংলাদেশী নগদ ৪হাজার ৬০০ টাকা পাওয়া যায়।
এদিকে, ভারতীয় নাগরিক রনি দাসের সহযোগী হিসেবে মাটিরাঙ্গায় বেলছড়ির বাসিন্দা মো. সাইফুল ইসলাম (২৪) একটি প্লাটিনা (১০০ সিসি) মোটরসাইকেল, ০২ টি মোবাইল এবং নগদ ৭ হাজার ৮২০ টাকাসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয়কে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়।
খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আফিক হাসান বলেন, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক পরিচালিত এধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় যে কোন ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত থাকবে।


