রাঙামাটির সমতা ঘাট সংলগ্ন রাজদ্বীপ এলাকায় রান্নার চুলা থেকে লাগা আগুনে পুড়ে গেছে একটি বসতবাড়ি। আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে রক্ষা পেয়েছে প্রায় ১০ লাখ টাকার মালামাল।
রাঙামাটি ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পান তাঁরা। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে একটি স্পিড বোট নিয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন তারা। সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে তাঁরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুনে ক্ষতিগ্রস্ত বসতঘরটির মালিক প্রিয়দর্শী চাকমা। ফায়ার সার্ভিস জানায়, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনায় কেউ হতাহত হয়নি।
অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে অভিযানে নেতৃত্ব দেন রাঙামাটি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার নুরুল হুদা। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা রওনা দিই। সময়মতো পৌঁছাতে পারায় বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।’


