সম্প্রীতি রক্ষা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ

রাঙামাটিতে পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়–এর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি রাঙামাটি সফরে এসে পৃথক দুইটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন।

আজ র‌বিবার সকা‌লে জেলা প্রশাসনের আয়োজনে রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়–এর সম্মেলন কক্ষে সভাগুলো অনুষ্ঠিত হয়।

প্রথম সভায় জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। এতে উপ‌স্থিত ছি‌লেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামা‌টি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা এবং সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

NewsDetails_03

পরবর্তী সভায় জেলার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং সংবাদকর্মীরা অংশ নেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, ফেক ফেসবুক আইডি ও ভুয়া ডিজিটাল পরিচয়ের আড়ালে একটি চক্র পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তারা এ ধরনের অপতৎপরতা রোধে কঠোর নজরদারি বৃদ্ধি এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এছাড়া রাঙামাটি জেলার বাজার ফান্ডের ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনে মন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ–এ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নিয়োগের দাবিও জোরালোভাবে উত্থাপিত হয়। নির্বাচন সম্ভব না হলে সৎ, যোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিদের পদায়নের অনুরোধ জানান বক্তারা।

পৃথক দুই সভায় মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করা এবং সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার কঠোর নির্দেশ দেন। তিনি বলেন, পাহাড়ের শান্তি ও উন্নয়ন একে অপরের পরিপূরক। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে সম্প্রীতি রক্ষা সবার আগে নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন