রাঙামাটি কাউখালী উপজেলার ঘাগড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে অর্ষমিতা চাকমা (১১) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ঘাগড়ার জুনুমাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অর্ষমিতা চাকমা ওই এলাকার শান্ত চাকমা ও জয়া চাকমা দম্পতির মেয়ে এবং ঘাগড়া কেজি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে অর্ষমিতা কয়েকজন সহপাঠীর সঙ্গে পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায় সে। সহপাঠীরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অর্ষমিতাকে মৃত ঘোষণা করেন।
ঘাগড়া কেজি স্কুলের শিক্ষক রিয়াদ হোসেন বলেন, অর্ষমিতা বিদ্যালয়ে সবসময় হাসিখুশি, মেধাবী ও প্রাণবন্ত ছিল। তার অকাল মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকরা গভীর শোকে মূহ্যমান।
কাউখালী থানার এসআই নিপু বিশ্বাস জানান, কোতোয়ালী থানা পুলিশের মাধ্যমে নিহত অর্ষমিতা চাকমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



