আলীকদমে যৌথ অভিযানে জরিমানা ও বিপুল পরিমাণ কাঠ জব্দ
বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধ কাঠ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে দুটি করাতকলকে জরিমানা করা হয় এবং পৃথক অভিযানে বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুইটি চেরাই করাতকলকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একটি করাতকল থেকে ৬২৫ পিস এবং অপরটি থেকে ২৭২ পিস কাঠ জব্দ করা হয়।

অন্যদিকে, বন বিভাগের পৃথক অভিযানে একটি ফ্লাইউড (প্লাইউড) ফ্যাক্টরি থেকে প্রায় ৪ হাজার ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। বন বিভাগ জানিয়েছে, জব্দকৃত কাঠের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম জানান, পরিবেশ রক্ষা ও বনজ সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে বন বিভাগের কর্মকর্তারা বলেন, অবৈধভাবে কাঠ সংগ্রহ ও মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল এই অভিযানে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এমন কার্যক্রম জোরদার করার দাবি জানিয়েছেন।



