ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথিতে মেগা কনটেষ্ট

বান্দরবান

ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের ১৩০তম আবির্ভাব তিথি ও ভক্তিবেদান্ত মেগা কনটেষ্ট ২০২৬ অনুষ্ঠিত হলো।

গত শনিবার (৫ সেপ্টেম্বর) ভক্তিবেদান্ত মেগা কনটেষ্ট ২০২৬ এ বান্দরবান সদর উপজেলা পর্যায়ে ১২০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরে প্রতিযোগিতা শেষে বান্দরবানের শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির কালাঘাটায় ৩টি বিভাগে আটটি ইভেন্ট এর মধ্যে প্রথম, ২য় ও তৃতীয় স্থান অধিকারী ৬০জন শিক্ষার্থীদের মাঝে পুুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির কালাঘাটা বান্দরবানের অধ্যক্ষ শ্রীপাদ অমল হরি গৌর দাস ব্রহ্মচারী।

এসময় বান্দরবান প্রেসক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দাশ, দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি বাসুদেব বিশ্বাস, কালের কন্ঠের ডিজিটাল বিভাগের রিপোর্টার রিমন পালিতসহ বান্দরবান শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দিরের বিভিন্ন সদস্য, সনাতনী ভক্তবৃন্দ এবং বিভিন্ন বিভাগে অংশ নেয়া প্রতিযোগি ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এসময় শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির কালাঘাটা বান্দরবানের অধ্যক্ষ শ্রীপাদ অমল হরি গৌর দাস ব্রহ্মচারী বক্তব্য রাখতে গিয়ে বলেন, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের ১৩০তম আবির্ভাব তিথি ও ইসকনের ৬০বছর পূর্তি উপলক্ষ্যে ভক্তিবেদান্ত মেগা কনটেষ্ট ২০২৬ অনুষ্ঠিত হলো। সারাদেশেরমত পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন উপজেলায় এই ভক্তিবেদান্ত মেগা কনটেষ্ট ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে আর পর্যায়ক্রমে জেলা পর্যায়ে এই ভক্তিবেদান্ত মেগা কনটেষ্ট অনুষ্ঠিত হবে।

অধ্যক্ষ শ্রীপাদ অমল হরি গৌর দাস ব্রহ্মচারী আরো বলেন, সকলের মধ্যে সম্প্রীতি ও ভাতৃত্ববোধ জাগ্রত করা আর সনাতনী শিক্ষার্থীদের ধর্মের প্রতি আরো অনুরাগী করতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে আর এই উদ্যোগ শিক্ষার্থীদের আরো আলোকিত করে সুন্দর জীবন গড়তে সাহায্য করবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভজন কীর্তন, গীতার শ্লোক আবৃত্তি, পৌরাণিক অভিনয়,বক্তৃতা, চিত্রাংকন, ছবিতে রং,নৃত্য ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মেধাভিত্তিক সনদপত্র, ভগবানের চিত্রপট ও ক্রেস্ট প্রদান করা হয় এবং সবশেষে শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথির জন্মদিনের কেক কেটে সকল ভক্তবৃন্দদের মাঝে সুস্বাদু কৃষ্ণপ্রসাদ বিতরণ করা হয়।

আরও পড়ুন