কল্পনা চাকমা অপহরণের বিচার ও অবিলম্বে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি বান্দরবানে
১৯৯৬ সালের ১২ জুন পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমাকে অপহরণের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করা ও অবিলম্বে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন ফেডারেশনের আয়োজআজ ১২ জুন (শুক্রবার) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা ছিলেন একজন সাহসী নারী, পার্বত্য এলাকায় তার অবদান রয়েছে অনেক কাজে। এসময় বক্তারা বিগত ৩০ বছরেও অপহৃত কল্পনা চাকমার হদিশ দিতে না পারা এবং অভিযুক্ত ও অপরাধীদের প্রেপ্তার করে যথাযথ বিচার নিশ্চিত করতে না পারার ক্ষোভ প্রকাশ করে এবং প্রশাসনকে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানান।
এসময় বক্তারা অবিলম্বে কল্পনা চাকমা অপহরণ ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করা এবং যথাযথ বিচার নিশ্চিত করা, কল্পনা চাকমা অপহরণকারী এবং রূপন, সুকেশ, মনোতোষ ও সমর বিজয় চাকমার হত্যাকারীদের অবিলম্বে প্রেপ্তার করে বিচারের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করা, জুম্ম নারী সমাজের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিতকল্পে এবং পার্বত্য সমস্যা সমাধানের লক্ষ্যে অবিলম্বে সময়সীমা ভিত্তিক রোডম্যাপ ঘোষণাপূর্বক পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের কাছে ৩টি দাবি জানান।
মানববন্ধনে হিল উইমেন ফেডারেশন বান্দরবান জেলা কমিটির সভাপতি উলিসিং মার্মা এর সভাপতিত্বে এসময় হিল উইমেন ফেডারেশনের সদস্য মেসাইং চিং মার্মা, কলেজ-কমিটির সাংগঠনিক সম্পাদক জেকি প্রু মার্মা, পাহাড়ী ছাত্র পরিষদের বান্দরবান জেলা কমিটির সভাপতি ঊশৈহ্লা, মানবাধিকার কর্মী জন ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাংগঠনিক সম্পাদক সিংমেউ মার্মা,বাংলাদেশ আদিবাসী ফোরাম বান্দরবান অঞ্চলের সাংগঠনিক সম্পাদক ক্যসামং মার্মাসহ বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



