বাঘাইছড়িতে প্রচারণায় বিএনপির প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাঙামাটির ২৯৯ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বাঘাইছড়ি উপজেলায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেন।
গত সোমবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ বাজারে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে তিনি ধানের শীষের পক্ষে প্রচারণা চালান।

সকালে উপজেলার মাহিল্লা বাজার থেকে কর্মসূচির সূচনা হয়, এরপর আমতলী ও খেদারমারা হয়ে উপজেলার প্রধান প্রধান জনবসতিপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন দীপেন দেওয়ান। এ সময় তিনি সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়নে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, “দীর্ঘদিন ধরে পাহাড়ের এই জনপদের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সুশাসন ও উন্নয়ন আজ থমকে আছে। আমি নির্বাচিত হলে বাঘাইছড়িসহ পুরো রাঙামাটির মানুষের উন্নয়ন, শান্তি ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করব। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।” তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার ফিরিয়ে আনতেই বিএনপি রাজপথে লড়াই করছে।
প্রচারণায় উপস্থিত ছিলেন:লে.কর্নেল (অব.) মনীষ দেওয়ান, সহ-উপজাতি বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি।দীপন তালুকদার দিপু, সভাপতি, রাঙামাটি জেলা বিএনপি।অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি ও সদস্য সচিব, নির্বাচন পরিচালনা কমিটি।সাইফুল ইসলাম পনির, সহ-সভাপতি, জেলা বিএনপি।মৈত্রী চাকমা, অষ্টম সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত সায়েম। বাঘাইছড়ি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ও কমিটির সদস্য সচিব ওমর আলীসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।


