শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেয়া হচ্ছে, আগামীতে বাংলাদেশের শিক্ষাব্যাবস্থা আরো এগিয়ে যাবে এমনটাই জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আজ মঙ্গলবার (১১ মে) দুপুরে এক দিনের সফরে বান্দরবান জেলা সদরের রেইছা প্রাইমারী টিচার ট্রেনিং সেন্টার পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
এসময় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, চাকরি হিসেবে নয় শিক্ষকরা দায়িত্ব নিয়ে কাজ করলে পড়ালেখার মান আরো বৃদ্ধি পাবে। বিগত দিনগুলোতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান নেমে এসেছিল অনেক নিচে আর সেটি সম্পূর্ণভাবে বদলে দেয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। এছাড়াও দেশে বর্গা শিক্ষক বা প্রক্সি শিক্ষকের সংখ্যা বেড়েই যাচ্ছে মন্তব্য করে বিশেষ করে পার্বত্য এলাকায় এর সংখ্যা অনেকাংশে বেশি এবং আগামীতে প্রক্সি শিক্ষক বা বর্গা শিক্ষকের কোন জায়গা থাকবে না বলে জানান তিনি।

এর আগে রেইছা প্রাইমারী টিচার ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন এবং সেখানে এক মতবিনিময় সভায় অংশ নেন শিক্ষাপ্রতিমন্ত্রী। মতবিনিময় সভায় প্রাইমারী টিচার ট্রেনিং সেন্টার এর শিক্ষকদের সাথে ব্যাপক আলোচনার পাশাপাশি তাদের সমস্যার কথা শুনেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু তালেব, প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, পিটিআই বান্দরবানের সুপারিনটেনডেন্ট মোঃ ফজলুল হক ভুঞা সহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রতিমন্ত্রী বান্দরবানের লামা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং পার্বত্য জেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা সকলের সামনে তুলে ধরেন।



