বান্দরবানের ৭ উপজেলার নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় দূর্গা মন্দির কমিটির মতবিনিময় সভা
বান্দরবান কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরে নতুন পরিচালনা পর্যদ গঠন এবং মন্দির পরিচালনায় উপজেলার বিভিন্ন মঠ ও মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যদের বিভিন্ন ভূমিকা নিয়ে বান্দরবানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে বান্দরবান কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরের আয়োজনে মন্দিরের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বান্দরবান জেলা সদর ছাড়াও লামা, আলীকদম, রোয়াংছড়ি,থানচি ও রুমা উপজেলার বিভিন মঠ ও মন্দিরের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সদস্য এবং বান্দরবান কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরের আহবায়ক কমিটির বিভিন্ন সদস্যরা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
এসময় বান্দরবান কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরের আহবায়ক নিখিল কান্তি দাশ এর সভাপতিত্বে সদস্য সচিব আনন্দ দাশ, সদস্য কৌশিক দাশ, আলীকদম কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের সাধারণ সম্পাদক সন্তোষ কান্তি দাশ,রুমা হরি মন্দিরের সাধারণ সম্পাদক তপন কর্মকারসহ বিভিন মঠ ও মন্দিরের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বান্দরবান কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরের সদস্য সচিব আনন্দ দাশ খুব দ্রæত সময়ে বান্দরবান কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরের জন্য একটি নতুন পরিচালনা পরিষদ গঠনের কথা উল্লেখ করে ৭ উপজেলার প্রতিটি মঠ ও মন্দিরের দায়িত্বশীলদের ফরম সংগ্রহ ও তার পূরণ করার আহবান জানান।
সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরের আহবায়ক নিখিল কান্তি দাশ বলেন, বান্দরবানের সনাতনী সমাজ এক ও অভিন্ন। ভবিষ্যতেও যেন সনাতনী সমাজ একত্রে যেকোন কাজ করতে পারে তার জন্য এই মতবিনিময় সভা উল্লেখ করে নিখিল কান্তি দাশ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এবং যেকোন ধর্মীয় বিষয়াদি কেন্দ্রীয় মন্দিরের দায়িত্বশীলদের সাথে আলোচনা করে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় তিনি কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরের জন্য সদস্য পদে সবাইকে ফরম সংগ্রহ করার আহবান জানান এবং তালিকাভুক্ত হয়ে নতুন পরিচালনা পর্ষদে কাজ করার আহবান জানান।



