ঋণের আশ্বাসে ধর্ষণ, ব্ল্যাকমেইল : সোনালী ব্যাংক কর্মকর্তা ও স্ত্রী’র বিরুদ্ধে মামলা
রাঙামাটি
রাঙামাটিতে ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে এক পাহাড়ি নারীকে ধর্ষণ, ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে দীর্ঘদিন ব্ল্যাকমেইল এবং অর্থ আদায়ের অভিযোগে সোনালী ব্যাংকের এক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রাঙামাটি কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী চন্দনা চাকমা (ছদ্মনাম, ৪২) গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে থানায় হাজির হয়ে লিখিত এজাহার দাখিল করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়।
এজাহারের বর্ণনা অনুযায়ী, আর্থিক প্রয়োজনে ভুক্তভোগী সোনালী ব্যাংক, রিজার্ভ বাজার শাখায় ঋণের জন্য যোগাযোগ করলে ব্যাংকের প্রিন্সিপাল অফিসার নিক্সন চাকমা (৪০)-এর সঙ্গে তার পরিচয় হয়। দ্রুত ঋণ অনুমোদনের আশ্বাস দিয়ে গত বছরের ৮ নভেম্বর বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে রাঙামাটি শহরের একটি আবাসিক হোটেলের দ্বিতীয় তলার কক্ষে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়। এ সময় স্থিরচিত্র ও ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
পরবর্তীতে ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে মানসিক নির্যাতন ও অর্থ আদায়ের চেষ্টা করা হয়। প্রথম ঘটনার পর থেকে প্রায় ১৫ থেকে ২০ দিন পরপর ‘জাঙ্গি’ নামের একটি অ্যাপের মাধ্যমে ধারণকৃত ভিডিও ও ছবি পাঠিয়ে পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেওয়া হতো বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এছাড়া চলতি বছরের ২০ ডিসেম্বর বিকাল আনুমানিক পৌনে ৬টার দিকে আসামি নিক্সন চাকমার স্ত্রী অনুরাধা চাকমা (৩৭) ভুক্তভোগীর কাছে এসএমএস পাঠিয়ে জানান, তার কাছে এসব ভিডিও ও ছবি রয়েছে। তিনি প্রথমে ১ লাখ ৫০ হাজার টাকা এবং পরে ৫ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে আত্মীয়স্বজন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
ভুক্তভোগীর অভিযোগ, দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় আসামিরা ফেসবুক মেসেঞ্জারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণের ভিডিও ও স্থিরচিত্র ছড়িয়ে দেয়।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২) ও ৮(৩) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি জিআর নং-১৩৩, মামলা নং-১৫ (তারিখ ২৯/১২/২০২৫) হিসেবে নথিভুক্ত হয়েছে।
তিনি আরও জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এদিকে অভিযুক্ত নিক্সন চাকমার বক্তব্য জানতে তার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তার জবাবে তিনি বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে লেখেন, “দাদা, কথা বলার মতো অবস্থায় নেই।”
অপরদিকে, সংশ্লিষ্ট সোনালী ব্যাংক রাঙামাটি শাখার ম্যানেজারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি অবগত নন। তার ভাষ্য অনুযায়ী, নিক্সন চাকমা একজন ভালো ও বিচক্ষণ কর্মকর্তা। তিনি জানান, নিক্সন চাকমা দুই দিনের ছুটি নিয়ে ছিলেন, যা সোমবার শেষ হয়েছে। আজ মঙ্গলবার সকালে পারিবারিক কারণ দেখিয়ে পুনরায় ছুটির আবেদন জমা দিয়েছেন।


